প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৫:৩৬ পি.এম
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

অপরিণত শিশু হিসেবে জন্মের পর যে হাসপাতালে ভর্তি হয়ে জীবন বাঁচানোর লড়াই শুরু হয়েছিল, জীবনের দীর্ঘ পথ পেরিয়ে সেই হাসপাতালেই আজ সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসক শাওলী সরকার। নিজের জীবনের এই ব্যতিক্রমী ও আবেগঘন গল্প বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি।
রোববার, ১৫ নভেম্বর বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাওলী সরকার।
পোস্টের শুরুতে তিনি লেখেন, আমারে তুমি অশেষ করেছ। এরপর নিজের জীবনের সঙ্গে বাংলাদেশ শিশু হাসপাতালের গভীর সম্পর্কের কথা তুলে ধরে তিনি লেখেন, কতটা সৌভাগ্য অথবা সৃষ্টিকর্তার কী বিচিত্র খেলা, যে হাসপাতালে জন্মমাত্র অপরিপক্ক শিশু হিসাবে ভর্তি হয়েছিলাম, সেই হাসপাতালেই আজ সহযোগী অধ্যাপক।
নিজের কর্মস্থল ও প্রতিষ্ঠান নিয়ে গর্ব প্রকাশ করে তিনি আরও লেখেন, আমি গর্বভরে আমার ইন্সটিটিউটকে ধারণ করি।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাওলী সরকার লেখেন, ধন্যবাদ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আমাকে বাঁচানোর জন্য এবং অন্য শিশুদের বাঁচানোর সুযোগ করে দেওয়ার জন্য।
উল্লেখ্য, প্রতিবছর ১৫ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। এ বছরের প্রতিপাদ্য, স্মল বেবিজ, বিগ পটেনশিয়াল। ইনভেস্ট ইন ফলো-আপ কেয়ার টু প্রটেক্ট দেয়ার ফিউচার! এর ভাবার্থ, ছোট্ট শিশু, অপার সম্ভাবনা। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ফলোআপ সেবায় বিনিয়োগ করুন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025