
নিজস্ব প্রতিবেদক।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরের নিজ কার্যালয়ে ঢুকে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কয়েকজন সদস্যের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মহাখালীতে অবস্থিত আইইডিসিআর কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এ ঘটনায় যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ড্যাবের সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপকের দলীয় পদ স্থগিত ঘোষণা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে মূল অভিযুক্ত ব্যক্তির সদস্যপদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, ঘটনার মূল কারণ উদঘাটনে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ডা. শাকিল জানান, আক্রান্ত পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি এবং অভিযুক্ত ব্যক্তি—উভয়েই ড্যাবের আজীবন সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত চিকিৎসক আইইডিসিআরের একটি প্রকল্পে কর্মরত ছিলেন। সম্প্রতি প্রকল্প মেয়াদ শেষ হওয়ায় তার চাকরি বাতিল হয়। এই সিদ্ধান্তের জেরে হামলা চালানো হয়েছে নাকি অন্য কোনো নেপথ্য কারণ রয়েছে, তা তদন্তের পর স্পষ্ট হবে। ড্যাব কোনো অবস্থাতেই এ ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন ড্যাব নেতা বলেন, অধ্যাপক ডা: কাজী আহমেদ জাকির সাথে স্বাচিপ সংশ্লিষ্ট চিকিৎসকদের গোপন আতাত রয়েছে বলে মেডিনিউজ কে জানিয়েছেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025