চিকিৎসক ও কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নির্দিষ্ট গ্রেডের চিকিৎসকদের বদলি ও পদায়নের আবেদন কেবল অনলাইনেই গ্রহণ করা হবে। এ ছাড়া ইতিমধ্যে জারি হওয়া বদলি ও পদায়নের আদেশ অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জানানো হয়, গত ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
আবেদন ও যোগদানের শর্তাবলি:
নতুন নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্দেশনা জারির পর থেকে হাতে লেখা বা সরাসরি জমা দেওয়া কোনো আবেদন আর গ্রহণ করা হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে যৌক্তিক কারণ ছাড়া বর্তমান কর্মস্থলে সাত কর্মদিবস অতিবাহিত হওয়ার পরদিনই অবমুক্ত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগদান বা অবমুক্তির ক্ষেত্রে কোনো প্রশাসনিক জটিলতা দেখা দিলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ আবেদন করতে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
ছুটি ও প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা:
অর্জিত ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা বুনিয়াদি প্রশিক্ষণে থাকা কর্মকর্তাদের ক্ষেত্রে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের ছুটি, প্রশিক্ষণ বা প্রেষণের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পর আগের কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে পদায়িত কর্মস্থলে যোগ দিতে হবে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025