দেশের ক্রমবর্ধমান ডায়াবেটিস পরিস্থিতি মোকাবিলায় একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানভিত্তিক ‘জাতীয় জরিপ’ এবং কার্যকর ‘স্ক্রিনিং প্রোগ্রাম’ চালুর ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে তিনি উপজেলা পর্যায়ের অসংক্রামক ব্যাধি (এনসিডি) কর্নারগুলোকে শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ বর্তমানের ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ থেকে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য বিষয়ক মাল্টিমিডিয়া ‘ধারা নিউজ’ আয়োজিত ‘ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডায়াবেটিসের বর্তমান চিত্র ও ঝুঁকি:
ড. মুহিত জানান, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সঠিক পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে।
উদ্বেগজনক চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত; ফলে প্রকৃত রোগীর সংখ্যা ৩ কোটির কাছাকাছি হতে পারে। এ ছাড়া আক্রান্তদের মাত্র ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে, বাকি ৮০ শতাংশই নিয়ন্ত্রণের বাইরে অথবা চিকিৎসার আওতায় নেই। তিনি আরও জানান, দেশে প্রতি বছর প্রায় ৩১ হাজার মানুষ ডায়াবেটিসের কারণে অকালে মৃত্যুবরণ করেন, যা ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মোট মৃত্যুর ৫ শতাংশ।
প্রতিরোধমুখী স্বাস্থ্যব্যবস্থা ও পাইলট প্রকল্প:
সরকারের স্বাস্থ্য খাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, “আমরা কেবল চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকেন্দ্রিক ব্যবস্থায় আসতে চাই। এ জন্য খাদ্য, কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচের মাধ্যমে কাজ করা হচ্ছে।”
আগামীর কর্মপরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়। এসব উপজেলায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং নারী স্বাস্থ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আলোচকদের অংশগ্রহণ:
ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025