
নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ জনে। অন্যদিকে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে এসব মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটে।
ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে জ্বর কমে যাওয়ার সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। কারণ, এ সময় কিছু রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। তীব্র পেটব্যথা, বারবার বমি, নাক বা মাড়ি দিয়ে রক্তপাত, অস্বাভাবিক দুর্বলতা, শ্বাসকষ্ট কিংবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। রোগীর অবস্থা ও ঝুঁকি বিবেচনায় হাসপাতালে ভর্তি কিংবা নিবিড় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে মশার বংশবিস্তার রোধ এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
একই সঙ্গে জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হলে নিজে থেকে ওষুধ সেবন না করে চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করতে হবে। বিশেষ করে অ্যাসপিরিন ও আইবুপ্রোফেনের মতো ওষুধ রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025