
ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিককে এগিয়ে আসার জোরালো আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিচ্ছন্নতা এবং ভর্তি রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের নানা দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের ও কর্মকর্তাদের জরুরি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, "দেশে ডেঙ্গুর বর্তমান প্রাদুর্ভাব সফলভাবে মোকাবিলা করতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।" তিনি জানান, সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করা হয়েছে এবং তা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
ডেঙ্গু পরিস্থিতিকে একটি বড় জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে স্বাস্থ্য ডিজি বলেন, কেবল হাসপাতাল কর্র্তৃপক্ষের একক প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর বিস্তার রোধে সাধারণ মানুষকেও নিজ নিজ বাড়ি এবং চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের চলমান উদ্যোগগুলোকে সফল করতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ ওয়াজেদ আলী এবং নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025