ঢামেক অধ্যাপক ডা: আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা: বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শহীদ মিনারে বিশাল মানব বন্ধন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চিকিৎসকমহল।
আজ ১৯ আগস্ট (বুধবার) দুপুর ১২:০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি এবং 'সোসাইটি অব অটোলারিংগোলজিস্ট অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ'-এর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
উল্লেখ্য,গত সোমবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় প্রাইভেট চেম্বার শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত অধ্যাপক আসাদুর রহমানের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা, চোখ ও নাকে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে একজনকে আটক করেছে।
প্রতিবাদ সভায় বক্তব্যকালে চিকিৎসক নেতারা বলেন, চিকিৎসকদের ওপর এই ধরনের হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং সমগ্র চিকিৎসাব্যবস্থা ও নিরাপদ স্বাস্থ্যসেবার পরিবেশের ওপর এক বড় হুমকি। দেশের হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সভায় শিক্ষক সমিতি ও অটোলারিংগোলজিস্ট সমিতির উচ্চপদস্থ কর্মকর্তাসহ ঢাকা মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীরা সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা অবিলম্বে জড়িত সব দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করার জোর দাবি জানান।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025