
শুধু সাময়িক সমস্যা মোকাবিলা করে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, রোগ বা মহামারি প্রকট আকার ধারণ করলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার প্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য খাতকে চিকিৎসাভিত্তিক মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় রূপান্তর করতে নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের পরিকল্পনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।
গত মঙ্গলবার রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিগত সংকটের অভিজ্ঞতা ও লজিস্টিক ব্যবস্থাপনা: অনুষ্ঠানে ড. এম এ মুহিত জানান, দায়িত্ব নেওয়ার পর গত আট মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়কে মূলত বিভিন্ন সংকট মোকাবিলা করতেই ব্যস্ত থাকতে হয়েছে। এর অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই সরকারকে হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয়েছে।
তিনি উল্লেখ করেন, মাত্র এক মাসের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের দুই কোটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়া এবং টিকার কোল্ড চেইন নিশ্চিত করা সহজ কাজ ছিল না। এটি শুধু চিকিৎসকদের পক্ষে সম্পন্ন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এর জন্য দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপরিকল্পিত পরিচালনাগত ও লজিস্টিক ব্যবস্থাপনা প্রয়োজন হয়েছে।
স্বাস্থ্য খাতের কাঠামোগত দুর্বলতা ও সংস্কার: স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৬৪টি জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ কার্যক্রম সাজানো গেলে স্বাস্থ্য খাতের চিত্র আমূল বদলে যেত।
তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতি ১ জন চিকিৎসকের বিপরীতে অন্তত ৩ জন নার্স থাকার কথা থাকলেও, স্বাধীনতার ৫৪ বছর পরও সরকারি স্বাস্থ্য খাতে চিকিৎসক ও নার্সের অনুপাত সমান সমান—অর্থাৎ ১ জন চিকিৎসকের বিপরীতে ১ জন নার্স রয়েছে। এ ধরনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা ও নিপসমের ভূমিকা: শিক্ষার্থীদের উদ্দেশে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার মূল ভিত্তি হচ্ছে প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে তাঁদের প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি এবং দেশের রোগতাত্ত্বিক বাস্তবতা বিবেচনায় রোগী প্রেরণ ও সেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার দায়িত্ব জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরই পালন করতে হবে।
এ সময় নিপসমের গবেষণা কার্যক্রমের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক স্বীকৃত চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। সাময়িকীটির সেই হারানো স্বীকৃতি অবিলম্বে ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি, ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি শিক্ষার্থীদের সরাসরি মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা বাড়ানোর তাগিদ দেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন তাঁর বক্তব্যে বলেন, সরকারের লক্ষ্য একটি টেকসই প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে এই কাঠামোগত পরিবর্তনের বিকল্প নেই।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025