
দেশব্যাপী অব্যাহত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি - বিএমইউ) কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বিগত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, "বাংলাদেশ যখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বেগবান হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে এই অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।"
তারা আরও উল্লেখ করেন, দেশের শান্তি রক্ষা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি যেকোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা এবং আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য সম্পর্কে সবাইকে সর্বদা সতর্ক থাকার তাগিদ দেওয়া হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, অতিরিক্ত পরিচালক নাছির উদ্দিন ভূঁইয়া, মো. মাসুদ আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াহিয়া খাঁন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমিন, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়ামিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025