
নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনিবন্ধিত ও অদক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, নগরীতে নিবন্ধনহীন ও অযোগ্য ব্যক্তিদের ডেন্টাল চিকিৎসা কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সদস্যদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাসেবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়; এখানে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না। সাধারণ মানুষ যেন কেবল নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকদের কাছ থেকেই নিরাপদ চিকিৎসা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আধুনিক ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়ার পরিকল্পনা: অনুষ্ঠানে চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার রূপরেখা তুলে ধরে চসিক প্রশাসক বলেন, নগরীকে নান্দনিক ও পরিবেশবান্ধব করতে বহুমুখী উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
সৌন্দর্যবর্ধন ও সাইকেল ট্র্যাক: বিমানবন্দর সড়কের মিডিয়ান আইল্যান্ডে ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। পাশাপাশি দেশে প্রথমবারের মতো ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে, যা ভবিষ্যতে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
‘ওয়ান সিটি টু টাউন’ ও পর্যটন: কর্ণফুলী নদীর একটি দ্বীপে ইকোপার্ক, পাখির অভয়ারণ্য এবং ১২০ মেগাওয়াটের সোলার এনার্জি সেন্টার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া কর্ণফুলী থেকে বোয়ালখালী পর্যন্ত পর্যটকদের জন্য মেরিন ড্রাইভ নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
খেলার মাঠ ও সিটি সেন্টার: তরুণ প্রজন্মের সুস্থ বিকাশে চসিকের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ তৈরির ঘোষণার অংশ হিসেবে ইতিমধ্যে ১১টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া র্যাডিসন ব্লু হোটেলের সামনে (পূর্বের জিয়া শিশু পার্ক) প্রায় তিন একর জায়গায় নগরবাসীর জন্য একটি আধুনিক ও উন্নতমানের সিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমে চিকিৎসক, পেশাজীবী, সামাজিক সংগঠন ও সাধারণ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন ডা. শাহাদাত হোসেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025