চক্ষুদান আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ‘আই ব্যাংকিং’ ব্যবস্থা জোরদার এবং কর্নিয়া সংগ্রহ ও পরিবহনের জন্য প্রশিক্ষিত জনবল তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
সম্প্রতি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ২০ কোটি মানুষের বিপরীতে আই ব্যাংকিং কার্যক্রম মাত্র ৫টি অঞ্চলে সীমাবদ্ধ না রেখে সব বিভাগীয় শহরে সম্প্রসারণ করা জরুরি। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে কর্নিয়া সংগ্রহ ও যথাযথভাবে পরিবহনের জন্য দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরি করতে হবে।
মরণোত্তর চক্ষুদানে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ড. এম এ মুহিত বলেন, তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করা গেলে তারা নিজ পরিবারে দাদা-দাদি ও নানা-নানিসহ বয়োজ্যেষ্ঠদের মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করতে বড় ভূমিকা রাখতে পারবে।
এ সময় তিনি দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠীকে আরও বিস্তৃত চক্ষুসেবা দিতে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকে সরকারি সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক চক্ষুসেবা সংস্থাগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহযোগিতার আশ্বাস দেন।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদির।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025