
চট্টগ্রামের মিরসরাইয়ের বর্ষীয়ান রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামের মিরসরাই (চট্টগ্রাম-১) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অত্যন্ত সফলতার সাথে গৃহায়ন ও গণপূর্ত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ফোরাম তথা প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ছিলেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত অক্টোবর মাসে তিনি গ্রেপ্তার হন। পরবর্তীতে অসুস্থতাজনিত কারণে ২০২৫ সালের আগস্ট থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে মিরসরাইসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) বাদ জোহর মিরসরাইয়ের ধুম ইউনিয়নের এস রহমান কলেজ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025