
শহর ও গ্রামের প্রতিটি নারীর জন্য ক্যানসার স্ক্রিনিংয়ের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, যেসব ক্যানসার প্রতিরোধযোগ্য, সেগুলো প্রতিরোধের পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক ক্যানসার সম্মেলনে (ক্যানসার কংগ্রেস) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া’।
স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের তাগিদ দিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসাসেবা শুধু বিশেষায়িত কেন্দ্রগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় পর্যায়ের হাসপাতালগুলোতেও এই সেবা পৌঁছে দিতে হবে।
নারীদের চিকিৎসাসেবা প্রাপ্তির বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশের অনেক নারী এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যবধানই স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্যের প্রতিফলন ঘটায়। তবে সম্মিলিত প্রচেষ্টায় এই বৈষম্য দূর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যের শেষে ডা. জুবাইদা রহমান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025