
পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাসেবা চলাকালে ওয়ার্ডের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে হাসপাতাল প্রাঙ্গণে পান-সুপারি না খাওয়ার জন্য নিয়মিত মাইকিং করে সচেতনতা চালানো হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও রোগী ও তাঁদের স্বজনেরা পান-সুপারি খাওয়া থেকে বিরত হচ্ছিলেন না। অনেকেই পান খাওয়ার পর হাসপাতালের দেয়াল, মেঝে ও যত্রতত্র পানের পিক ফেলে এবং চুন লাগিয়ে পরিবেশ নোংরা করছিলেন, যা ভর্তি রোগীদের জন্য চরম ভোগান্তি ও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার দুপুরে কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব পান, সুপারি, জর্দা ও চুন জব্দ করে। একই সঙ্গে ভবিষ্যতে হাসপাতালে প্রবেশের সময় কোনো রোগীর স্বজন যেন পান-সুপারি সঙ্গে না আনেন, সে বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, "হাসপাতালের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। এর আগে আগত রোগীদের স্বজনদের পান-সুপারি না খাওয়ার জন্য বারবার অনুরোধ ও সচেতন করা হয়েছিল। কিন্তু কেউ কথা না শোনায় বাধ্য হয়েই আজ এই অভিযান চালানো হয়েছে।"
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025