
রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, আতঙ্ক নয় সচেতনতার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক | রংপুর রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাসপাতালটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন করে আরও ২৩ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী শিশু মনি আক্তারের মৃত্যু হয়। সে ঠাকুরগাঁও সদরের মাহাবুব আলমের মেয়ে। রমেক হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম তানভীর চৌধুরী (নোমান) বিষয়টি নিশ্চিত করে জানান, আশঙ্কাজনক অবস্থায় ভর্তির পর রাতে শিশুটির মৃত্যু হয়।
রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, রমেক হাসপাতালে বর্তমানে ২৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত মোট ২৫৮ জন শিশু চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ২১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিভাগের অন্যান্য জেলাগুলোর মধ্যে ঠাকুরগাঁও ও দিনাজপুরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রমেক হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, রোগীদের তিনটি পৃথক আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সঠিক রোগ নির্ণয়ের জন্য রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে অভিভাবকদের অত্যন্ত সচেতন থাকতে হবে। শিশুর মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে:
তীব্র জ্বর ও শরীরজুড়ে লালচে ফুসকুড়ি।
একটানা কাশি ও চোখ লাল হয়ে যাওয়া।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের তথ্য মতে, গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১ হাজার ১৩৮ জন আক্রান্ত হলেও ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরাও কাজ করছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025