
সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাধারণ রোগীরা যাতে বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়েই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন এবং চিকিৎসার জন্য কাউকে যাতে রাজধানীতে আসতে না হয়, সে লক্ষ্যে বর্তমান সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ‘৩২তম জাতীয় সম্মেলন ও ২য় আউট রিচ প্রোগ্রাম বাংলাদেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে এই বাজেটের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। সীমিত সম্পদের মধ্যেও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করবে, তবে চিকিৎসা ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে জনগণের সেবা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সকলের। রোগীরা যাতে দেশেই সব ধরনের জটিল ও আধুনিক রোগের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা পান এবং চিকিৎসার উদ্দেশ্যে কাউকে যেন বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি, নবীন চিকিৎসকদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট ক্যারিয়ার প্ল্যানিং তৈরির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশে মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে লিভার সিরোসিস সপ্তম অবস্থানে রয়েছে। বর্তমানে দেশে প্রায় ৭০ লাখ মানুষ হেপাটাইটিস বি এবং ৪ কোটি ৫০ লাখের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তি ফ্যাটি লিভারে আক্রান্ত। রোগটি জটিল রূপ নিলে এক বছরের মধ্যে ৪০ থেকে ৬০ শতাংশ রোগী মৃত্যুবরণ করেন। তাই প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
এছাড়া অপ্রয়োজনীয় সিটি স্ক্যান ও সার্জারি না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেডিয়েশন ঝুঁকি ভাতা চালুর জোরালো দাবি জানান বক্তারা।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025