
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে। এই অর্থের একটি পয়সাও যেন কোনো ধরনের দুর্নীতি বা অপচয়ের শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে নগরের শিশুস্বাস্থ্য: সংকট ও সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন’ এই সংলাপের আয়োজন করে।
দুর্নীতি প্রতিরোধে দীর্ঘমেয়াদি কৌশল তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানুষের রোগের ক্ষেত্রে যেমন ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়’, দুর্নীতির ক্ষেত্রেও নীতিটি সমভাবে প্রযোজ্য। অতীতের বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতির বহু নজির ও অভিযোগ রয়েছে। বর্তমান সরকার বাজেট বৃদ্ধি করলেও সেই বরাদ্দ যেন কোনোভাবেই অতীতের মতো দুর্নীতির ‘ব্ল্যাকহোলে’ হারিয়ে না যায়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে ড. এম এ মুহিত বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে তা কঠোর হাতে দমন করা হবে। এ ক্ষেত্রে সরকার ও প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। স্বাস্থ্য খাতে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা এবং একটি স্বচ্ছ কর্মপরিবেশ নিশ্চিত করতে তিনি গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজকে সবসময় সজাগ ও দৃষ্টি রাখার আহ্বান জানান।
চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরীর মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে শুরু হওয়া এই সংলাপে মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওশনুল ইসলাম।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025