
তৃণমূল থেকে শুরু করে দেশের বড় বড় হাসপাতালগুলোতে সোলার পাওয়ার বা সৌরবিদ্যুৎ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুধু সাধারণ কোনো সেবা নয়, এটি একটি অপরিহার্য বিষয় এবং সরাসরি স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে জড়িত। জাতীয় এই উদ্যোগের রোলআউটে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘প্রথম চ্যাম্পিয়ন’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো’র একটি বিশেষ প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের বিদ্যুৎ বিভাগ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত সরকারের প্রায় ১৫ হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠান মিলিয়ে রয়েছে এক বিশাল অবকাঠামো। হাসপাতালের কার্যক্রমের বড় একটি অংশ দিনের বেলা পিক আওয়ারে পরিচালিত হয়, যা সৌরবিদ্যুতের উৎপাদনের সময়ের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
তিনি আরও বলেন, অপারেশন থিয়েটার, জরুরি সেবা, নিবিড় পরিচর্যা (আইসিইউ) এবং ভ্যাকসিনের কোল্ড চেইনের সুরক্ষায় আমরা ডিজেলনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতে যেতে বদ্ধপরিকর। আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে সব স্বাস্থ্য অবকাঠামোর স্ট্রাকচারাল অডিট এবং জ্বালানি চাহিদার অডিট সম্পন্ন করা হবে।
বেসরকারি খাতের উদ্যোক্তাদের হাসপাতালগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, "হাসপাতাল একদিনের জন্যও বন্ধ রাখা সম্ভব নয়, তাই এখানে বিদ্যুৎ বিল পরিশোধের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। তবে বিনিয়োগকারীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে, অগ্নিকাণ্ড রোধে সার্টিফায়েড যন্ত্রাংশ ব্যবহার করতে হবে এবং প্রত্যন্ত এলাকার প্যানেলগুলোর চুরি বা ক্ষতি রোধে সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা রাখতে হবে।"
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025