
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ শনিবার (৯ মে) সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান এবং ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে আন্তরিক বিদায় জানান।
রাষ্ট্রপতির এই সফরে তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসা সম্পন্ন করা হবে।
সফর ও চিকিৎসা শেষে আগামী ১৮ মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025