
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ মে ২০২৬
দেশে হাম ও মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর বিশেষ জোর দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকরা। আজ রবিবার (১৭ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে "হাম ও ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা ও প্রতিরোধই সর্বোত্তম পন্থা" শীর্ষক এক আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে 'জনসচেতনতা সপ্তাহ' উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: আব্দুস সালাম, এমপি। অনুষ্ঠানটি ড্যাব এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা: আবুল কেনান ও মহাসচিব অধ্যাপক ডা: জহিরুল ইসলাম শাকিল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ড্যাব এর কোষাধ্যক্ষ ডা: মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: খালেকুজ্জামান দীপু, দপ্তর সম্পাদক ডা : এরফান আহমেদ সোহেল সহ অন্যান্য কেন্দ্রীয় ড্যাব নেতৃবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, হাম এবং ডেঙ্গু দুটিই প্রতিরোধযোগ্য রোগ। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ এবং সাধারণ মানুষের সচেতনতাই পারে এই দুটি রোগের সংক্রমণ ও মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনতে। বিশেষ করে বর্ষা মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং শিশুদের নিয়মিত হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
ড্যাব-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের স্বনামধন্য চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ বা বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু ও হামের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার তাগিদ দেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নেতৃবৃন্দ, আমন্ত্রিত বিশেষজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025