প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৮:২৩ পি.এম
৫১তম বিসিএসের পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা

দেশের স্বাস্থ্যসেবা খাতের জনবল সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছে সরকার। চলমান ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ধাপে ধাপে মোট ১০ হাজার চিকিৎসক নিয়োগের এই পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ৫১তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু হয়েছে। এই বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে, যার বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, ৫১তম বিসিএসের পরপরই পরবর্তী ধাপের আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।
চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যখাতের অন্যান্য শূন্য পদ পূরণে নার্স, মিডওয়াইফ এবং মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের উদ্যোগও চলমান রয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় উন্নীত করার মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানিয়েছে মন্ত্রণালয়, যা বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও বিপুল সংখ্যক চিকিৎসক ও নার্সের প্রয়োজন হবে।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025