৮১তম ডিএমসি ডে: ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও দিবস উদ্বোধন
ঢাকা, ১১ জুলাই ২০২৬
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম বছরে পদার্পণ ও ‘ডিএমসি ডে-২০২৬’ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে সস্ত্রীক ঢাকা মেডিকেলে উপস্থিত হয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমান স্মৃতিস্বরূপ দুটি গাছের চারা (অর্জুন ও নিম) রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এরপর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সারোয়ার হোসেন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য দুটি আধুনিক হোস্টেল নির্মাণ প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য প্রস্তাবিত এসব সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরে প্রধানমন্ত্রী ঢামেক অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা, সময়নিষ্ঠা এবং রোগীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিয়ে দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনস, ঢাকা মেডিকেল কলেজ এর প্রাক্তন ছাত্র ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ সহ অন্যান্য ড্যাব নেতৃবৃন্দ এবং ঢামেকের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Editor: Dr. Mahfuzul Haque Chowdhury
Head of News: Dr. Khan Iftekhar
Office address: Green Road, Dhaka-1205.
MediNews BD © 2025