
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। এর আগের দুটি দিনে (গত ৬ ও ১৫ অক্টোবর) সর্বোচ্চ ১০ জন করে মারা যাওয়ার রেকর্ড হয়েছিল। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০০ জনে দাঁড়াল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন রোগী। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৯৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ২৫০ জন, চট্টগ্রামে ২৪১ জন, রাজশাহীতে ২২৯ জন, বরিশালে ২১৭ জন, রংপুরে ১১২ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং সিলেটে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ৪১৫ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগওয়ারী হিসাবে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৭৬, চট্টগ্রামে ৩৯, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৭, রংপুরে ৭ এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছেন।
মেডি নিউজ ডেস্ক: 




















