
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ
বিশেষ প্রতিনিধি | মুরাদনগর, কুমিল্লা
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা ৫ জন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে (ডেপুটেশন) থাকা আরও ৭ জন চিকিৎসককে অবিলম্বে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সরজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি ভর্তি থাকা রোগীদের শয্যাপাশে যান, তাঁদের শারীরিক চিকিৎসার খোঁজখবর নেন এবং দুইজন অসহায় রোগীকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫১ জন চিকিৎসকের অনুমোদন থাকলেও মন্ত্রীর পরিদর্শনকালে ১২ জন চিকিৎসক অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে সংযুক্তিতে রয়েছেন এবং বাকি ৫ জন দীর্ঘদিন ধরে কোনো ধরনের তথ্য ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত। দায়িত্বে অবহেলার এ চিত্র দেখে মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং অনুপস্থিতদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার বড় ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে এই প্রকল্পের দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী ১ নভেম্বর নতুন নিয়োগপ্রাপ্ত ৪৮ জন চিকিৎসকের একটি অংশকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করে চিকিৎসক সংকট দূর করা হবে।
মেডি নিউজ ডেস্ক: 



















