
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অষ্টম তলা থেকে পড়ে ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের অষ্টম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিয়া নুর গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর গ্রামের বাসিন্দা। তার পালক বাবা নুরুন্নবী ও পালক মা পারুল আক্তার।
নিহতের মামা মাসুদ আলমের বরাত দিয়ে জানা যায়, জরায়ুর টিউমারের চিকিৎসার জন্য পাঁচ দিন আগে পারুল আক্তারকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। গতকাল বিকেলে হাসপাতালের অষ্টম তলার একটি ওয়ার্ডে পারুল আক্তার ও সামিয়া কথা বলছিল। এ সময় ওয়ার্ডের জানালার ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সামিয়া।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুদ আলম জানান, তার বোন পারুল আক্তার সামিয়াকে পালক নিয়েছিলেন। সামিয়া নুরুন্নবী ও পারুল আক্তারকেই নিজের বাবা-মা হিসেবে জানত।
হাসপাতালের ভবনে জানালার নিরাপত্তাব্যবস্থা নিয়ে এ দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে। রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের জানালা, বারান্দা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে যথাযথ সুরক্ষাব্যবস্থা থাকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মেডি নিউজ ডেস্ক: 






















