
দেশের চিকিৎসাব্যাবেলার জনবল সংকট নিরসনে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
গত সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত এক জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি বলেন, একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মানবিক স্বাস্থ্যকাঠামো গড়ে তুলতে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে।
চিকিৎসকদের শূন্য পদগুলো দ্রুত পূরণের রূপরেখা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং বিশেষ ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, নার্স ও মিডওয়াইফ সংকট দূর করতেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। নার্সিং পদের বিষয়ে তিনি বলেন, ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর পিএসসির অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের সুপারিশ চেয়ে পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আরও ১ হাজার ৭৭৫টি পদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
পাশাপাশি, মিডওয়াইফ পদে ৫৫৮ জনের নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে এবং বর্তমানে তাদের পুলিশ যাচাইয়ের (ভেরিফিকেশন) কাজ চলছে। এছাড়া অতিরিক্ত আরও ১ হাজার ২৫৬টি মিডওয়াইফ পদ সৃষ্টির মাধ্যমে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
মেডি নিউজ ডেস্ক: 


















