
গোপালগঞ্জের একটি হাসপাতালে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়ে অগ্নিসংযোগের ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এই মন্তব্য করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।”
আন্তর্জাতিক আইনে চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা: আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, যেকোনো সশস্ত্র সংঘাত বা সহিংসতার সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হয়। এ বিষয়ে আন্তর্জাতিক বিধিমালায় স্পষ্ট সুরক্ষার কথা বলা হয়েছে:
-
জেনেভা কনভেনশন: ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।
-
রোম সংবিধি: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিষ্ঠাকালীন দলিল ‘রোম সংবিধি’র (Rome Statute) ৮ নম্বর অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মো. সুজাউদ্দৌলা তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, হাসপাতালে অগ্নিসংযোগের মতো ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। এর ফলে চিকিৎসাধীন রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জীবন ও নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়ে। এদিকে, এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
মেডি নিউজ ডেস্ক: 




















