
চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে এই হাসপাতালগুলো চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই পাঁচ হাসপাতালের উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে এবং গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার ক্ষেত্রে রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
১ হাজার ৪৪০ পদ সৃষ্টি ও উপপরিচালক পদায়ন:
পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদের মধ্যে রয়েছে উপপরিচালক ৫টি, সহকারী পরিচালক ৫টি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসক ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার ৫টি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেস্থেসিস্টের ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। নবনিযুক্ত উপপরিচালকদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অবকাঠামো, সরঞ্জাম ও চালুর প্রেক্ষাপট:
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুযোগ রাখা হয়েছে; পাশাপাশি বড় পরিসরের আইসিইউ ইউনিটও থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখে অবকাঠামো তৈরি করা হয়েছে এবং আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গত ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে অব্যবহৃত পড়ে থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরই হাসপাতালগুলো চালুর তৎপরতা জোরদার হয়।
পরবর্তীতে গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, বছরের শেষ দিকে ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী একযোগে পাঁচটি শিশু হাসপাতালের উদ্বোধন ঘোষণা করবেন এবং সে লক্ষ্যে নতুন পদ সৃষ্টি ও সরঞ্জাম কেনার কাজ এগিয়ে নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, ২০০ শয্যার শিশু হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি-প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনের মতো যন্ত্রাংশ ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
(সূত্র: বাসস)
মেডি নিউজ ডেস্ক: 




















