
রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ক্রিস্টিন ভার (৩৩) নামের এক ফিলিপাইনি নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, অগ্নিদগ্ধ ক্রিস্টিনের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১৫ অক্টোবর ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন ক্রিস্টিন। তিনি বনানী ৭ নম্বর রোডের ৬৬ নম্বর (ব্লক-বি/১) বাসার একটি ফ্ল্যাটে তার বন্ধু, জাপানি নাগরিক নাকাসিমা ফুমিয়াকির সাথে অবস্থান করছিলেন। গত ২৮ অক্টোবর রাতে রান্না করার সময় গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে লিকেজ থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন তিনি।
প্রথমে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মেডি নিউজ ডেস্ক: 












