
সরকারি চিকিৎসকদের অধ্যাপক (গ্রেড-৩) পদে পদোন্নতির জন্য আবেদন আহ্বান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আগ্রহী চিকিৎসকেরা ১৫ নভেম্বর থেকে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক জ্যেষ্ঠতা তালিকা তৈরির জন্য বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত যোগ্য চিকিৎসকদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
-
অভিজ্ঞতা ও প্রকাশনা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির ধরনভেদে ফিডার পদে ৫, ৭ অথবা ৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিএমডিসি স্বীকৃত দেশি-বিদেশি মেডিকেল জার্নালে কমপক্ষে পাঁচটি গবেষণা প্রকাশনা থাকতে হবে এবং প্রতিটি প্রকাশনার কভার পৃষ্ঠা ও সূচিপত্র জমা দিতে হবে।
-
প্রোফাইল হালনাগাদ ও এসিআর: আবেদনকারীদের এইচআরআইএস (HRIS) প্রোফাইলে ব্যক্তিগত, চাকরিসংক্রান্ত ও শিক্ষাগত যোগ্যতাসহ সব তথ্য ও সনদ আপলোড করে হালনাগাদ করতে হবে। এ ছাড়া ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্ষিক বা আংশিক গোপনীয় অনুবেদন (এসিআর) অধিদপ্তরের এসিআর শাখায় জমা থাকার পাশাপাশি এর স্ক্যান কপি প্রোফাইলে যুক্ত করতে হবে।
-
পূর্বে আবেদনকারীদের নির্দেশনা: ইতিপূর্বে যারা আবেদন করেছিলেন, তাদেরও নতুন করে পুনরায় আবেদন করতে হবে।
-
শাস্তিমূলক ব্যবস্থা: প্রোফাইলে কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল হবে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আবেদন জমা দেওয়ার নিয়ম: আবেদনকারীদের দুই কপি আবেদনপত্র, ১০ কপি পূর্ণাঙ্গ এইচআরআইএস বায়োডাটা, নিয়োগ ও পদোন্নতির আদেশ, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিএমডিসি নিবন্ধন, গবেষণা প্রকাশনা ও অভিজ্ঞতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র স্বাস্থ্য অধিদপ্তরের গ্রহণ শাখায় এন্ট্রি করতে হবে। এরপর তা মহাখালীর নতুন ভবনের চতুর্থ তলায় এইচআরএম শাখায় (কক্ষ নম্বর-৪১৫) জমা দিতে হবে। ২৯ নভেম্বরের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
মেডি নিউজ ডেস্ক: 





















