
ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্প এলাকায় ‘কাদের এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে উৎপাদিত বিভিন্ন ধরনের শিশুখাদ্যের মোড়কে উপাদানের তালিকায় চিনির উল্লেখ থাকলেও বাস্তবে অ্যাসপারটেম ব্যবহার করা হচ্ছিল; পরিদর্শনের সময় সেখানে চিনির মজুত বা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে উপাদানের তালিকায় বিটা-ক্যারোটিন উল্লেখ করা হলেও বাস্তবে টেক্সটাইল ডাই (বস্ত্রের রং) ব্যবহারের প্রমাণ মেলে।
অস্বাস্থ্যকর পরিবেশ ও নথিপত্রের ঘাটতি: প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচি ও চাটনিসহ নানা খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। উৎপাদিত পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া উৎপাদিত পণ্যের ব্যাচ রেকর্ড, উপাদানের উৎস শনাক্তের নথি কিংবা ব্যবহৃত কাঁচামালের নিরাপদতা তথ্যপত্র ও বিশ্লেষণ সনদ কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হয়।
জরিমানা ও রাসায়নিক ধ্বংস: এসব অনিয়ম ও অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
জরিমানার পাশাপাশি একই আইনের আওতায় অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক পদার্থ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেডি নিউজ ডেস্ক: 




















