
ময়মনসিংহে হামের প্রকোপ: প্রাণ গেল আরও এক শিশুর, হাসপাতালে বাড়ছে রোগী
নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সাত মাস বয়সী ওই শিশুটিসহ গত দেড় মাসে এই হাসপাতালে মোট ২৪ জন শিশুর মৃত্যু হলো। এদিকে, নতুন করে আরও ২৩ শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় আতঙ্ক বাড়ছে অভিভাবকদের মনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সবশেষ মারা যাওয়া শিশুটির নাম তাজনিন। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামের ইসলাম উদ্দিন ও হেলেনা আক্তার দম্পতির সন্তান। গত ২৮ এপ্রিল হামের উপসর্গ নিয়ে তাজনিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলর শিশুটির মৃত্যুর অন্যতম কারণ।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে আজ সোমবার সকাল পর্যন্ত মোট ১ হাজার ৬৯ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৬৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে। শিশুদের জ্বর ও শরীরে লালচে দানার মতো লক্ষণ দেখা দিলেই দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে বা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মেডি নিউজ ডেস্ক: 




















