
ঢাকা মেডিকেলের জ্যেষ্ঠ চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলা: ঢামেক শিক্ষক সমিতির তীব্র প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ আগস্ট:
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। গতকাল রাতে এই জ্যেষ্ঠ চিকিৎসকের নিজ চেম্বারের সামনে বর্বরোচিত এই হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. আহমেদ সামি-আল-হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপির মাধ্যমে এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে শিক্ষক সমিতি জানায়, কর্তব্যরত একজন সিনিয়র চিকিৎসকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত উদ্বেগজনক ও ন্যাক্কারজনক ঘটনা। চিকিৎসক সমাজের পক্ষ থেকে হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
এছাড়া, হাসপাতালে চিকিৎসকদের জন্য কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অনতিবিলম্বে ‘চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন’ প্রণয়ন ও কার্যকর করতে হবে। দ্রুত এই দাবি মানা না হলে চিকিৎসক সমাজ আরও উদ্বিগ্ন হয়ে পড়বে বলে বিবৃতিতে আভাস দেওয়া হয়েছে।
মেডি নিউজ ডেস্ক: 









