
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সার্বিক স্বাস্থ্যসেবা এবং রোগীদের ভোগান্তির চিত্র সরেজমিনে প্রত্যক্ষ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।
আজ দুপুরে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম আকস্মিকভাবে হাসপাতালটির জরুরি বিভাগ পরিদর্শন করে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, সচিব মো. সাইদুর রহমান খান এবং বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা ও এনফোর্সমেন্ট ইউনিটের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে দুদক নেতৃবৃন্দ জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় রোগ ও স্বজনদের পক্ষ থেকে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য, চিকিৎসকদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ওষুধের সংকট, চিকিৎসায় অবহেলা এবং বিভিন্ন ধরনের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরা হয়।
সেবাপ্রত্যাশীদের কাছ থেকে পাওয়া এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিব তাৎক্ষণিকভাবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে এসব সমস্যা সমাধানে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুদক চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দুদকের এই ধরনের অভিযান ও তদারকি আগামীতে দেশজুড়ে অব্যাহত থাকবে।
মেডি নিউজ ডেস্ক: 



















