
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে চাঁদপুর রেলস্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় মেঘনা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হওয়া কয়েকজন ব্যক্তি সেখানে লোকজনের জটলা দেখে এগিয়ে গিয়ে তাকে দেখতে পান। তাদের ধারণা, চলন্ত ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে।
নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি চাঁদপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যরা পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মেডি নিউজ ডেস্ক: 





















