
দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শূন্য পদ যাচাই ও তথ্য সংগ্রহ:
প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি থাকায় প্রকৃত শূন্য পদের সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, “আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে আমরা নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করবো।”
অন্যান্য পদে নিয়োগ ও স্বাস্থ্য সহকারী:
অতিরিক্ত মহাপরিচালক জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে; আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
অধ্যাপক রুমি আরও জানান, জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং কোথাও কোথাও এখনো তা চলমান রয়েছে। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।
নিয়োগ কমিটিতে স্বচ্ছতা ও পরীক্ষার মানদণ্ড:
সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ সম্পর্কে অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা ঠিক করবে; এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড বজায় রাখা হবে।
মেডি নিউজ ডেস্ক: 























