
হামে শিশু মৃত্যু তদন্ত ও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২৬
দেশে হামের ভয়াবহ সংক্রমণে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই সংকটের পেছনে কারো অবহেলা বা গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের কাছ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
হামের প্রাদুর্ভাব কেন ভয়াবহ রূপ নিল, তা তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের মতো এই সংকট অনেকটা কাটিয়ে উঠলেও, দায়ীদের ছাড় দেওয়া হবে না।”
বর্তমানে ৯৮ ভাগ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। বাকি শিশুদেরও দ্রুত টিকার ব্যবস্থা করা হচ্ছে।
আগামী জুনের মধ্যে দেশব্যাপী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে।
দেশের ইপিআই কার্যক্রম গতিশীল করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে।
উল্লেখ্য, সময়মতো টিকা না পাওয়ায় সারা দেশে হামের সংক্রমণ মহামারি আকার ধারণ করেছে। হাসপাতালগুলোতে বাড়ছে মৃত্যুর মিছিল, যা ইতিমধ্যে ৪০০ ছাড়িয়েছে। এক সময় নিয়ন্ত্রণে আসা এই রোগের এমন ভয়াবহ প্রত্যাবর্তনে জনমনে ব্যাপক আতঙ্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে যথাযথ টিকাদান নিশ্চিত না করাই এই সংকটের প্রধান কারণ।
মেডি নিউজ ডেস্ক: 


















