
পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী ও সহকর্মীদের সঙ্গে বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডা. নাবিলা নুসরাত (৩২) নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডা. নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিভাগে এমডি অধ্যয়নরত ছিলেন। তাঁর স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ঢাকা থেকে স্বামীসহ চার চিকিৎসক দুটি পরিবার কুয়াকাটায় বেড়াতে আসেন। শনিবার বিকেলে তাঁরা একটি ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দেখতে যান। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ইজিবাইকটি সড়কের পাশে উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পান ডা. নাবিলা।
আহত স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ জানান, ইজিবাইকের চাকার সামনে হঠাৎ একটি বিড়াল চলে আসায় চালক ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান, যার ফলে গাড়িটি উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিলা নুসরাতকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কলাপাড়া ও মহিপুর থানার পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত অন্য দুই চিকিৎসক ডা. রাব্বি ও ডা. উম্মে কুলসুম কলি প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেডি নিউজ ডেস্ক: 


















