
দুই মাসে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৪৫১: ২৪ ঘণ্টায় আরও ১২ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | ১৬ মে, ২০২৬
দেশে গত দুই মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৭৭ জন।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সারা দেশের এই পরিসংখ্যান তুলে ধরেছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ৮ জন মারা গেছে উপসর্গ নিয়ে। এছাড়া একদিনে নতুন করে ১১১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এবং ১ হাজার ১৯২ জন শিশুর শরীরে এর উপসর্গ শনাক্ত হয়েছে।
অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চের পর থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪১৬ জনে। আর একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
দেশের এমন উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে বিশেষ নজরদারি শুরু করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি জেলায় চিকিৎসাসেবা জোরদার করার পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শিশুদের জ্বর, কাশি বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে কোনো দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করতে হবে।
মেডি নিউজ ডেস্ক: 


















