
দেশে আসছে আরও নতুন বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার আহ্বান শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশে উচ্চশিক্ষার দিগন্ত প্রসারিত করতে আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর’ ও ‘এডুকেশন এক্সপো ২০২৬’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “দেশে নতুন বিশ্ববিদ্যালয় আসার প্রক্রিয়া চলমান। সঠিক যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরাই এখানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।”
শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার অভিজ্ঞতা অর্জনের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার ব্যাপারে উৎসাহিত করছি। সেখানে বেশ কিছু মানসম্মত বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আমাদের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ করে ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ আমাদের শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ হয়ে দাঁড়াবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের এই ধারা কেবল ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। আগামী ১০ দিন ধরে পর্যায়ক্রমে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও এই ‘এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হবে।
এই প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের এক নতুন সেতুবন্ধন তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মেডি নিউজ ডেস্ক: 










