
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সচ্ছলতায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
নিজস্ব প্রতিবেদক | ঢাকা সোমবার, ১১ মে ২০২৬
কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার লক্ষে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধকতা নয় বরং সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের সঠিক প্রশিক্ষণ প্রদান করা হলে তা পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দেশ থেকে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান তাঁর বক্তব্যে স্বনির্ভরতার ওপর জোর দিয়ে বলেন, “যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করতে হবে। বিশেষ করে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে প্রয়োজনীয় প্রশিক্ষণ, ডেভেলপমেন্ট এবং মার্কেটিং সাপোর্ট নিশ্চিত করা গেলে নারীরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়তে পারবে। এর ফলে সন্তানদের শিক্ষা নিশ্চিত হবে এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে।”
পুনাক-এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, “আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখাচ্ছেন। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষে আপনাদের নেওয়া সমাজসেবামূলক পরিকল্পনাগুলো একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি।”
অনুষ্ঠানের শুরুতে ডা. জুবাইদা রহমান পুনাকের বিভিন্ন কার্যক্রমের ওপর নির্মিত একটি তথ্যচিত্র উপভোগ করেন। এরপর তিনি রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধা সনদ তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
পুনাকের নেত্রীবৃন্দ অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক প্রতিবেদন-২০২৬ পেশ করেন। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।
মেডি নিউজ ডেস্ক: 















