
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম চালু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে এই হাসপাতালে হার্ট সার্জারি চালুর উদ্যোগ গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তনের কারণে সেই উদ্যোগ আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমান সরকার মরহুম প্রধানমন্ত্রীর সেই অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ হাসপাতালটিতে পূর্ণাঙ্গ হার্ট সার্জারি কার্যক্রম দ্রুত চালু করবে।
উত্তরবঙ্গের মানুষের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে অনুষ্ঠানে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের জন্য ৩৭টি নতুন ডায়ালাইসিস মেশিন কেনার টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। খুব শীঘ্রই এই সেবার সক্ষমতা বাড়িয়ে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হবে।
এছাড়া নেফ্রোলজি বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও প্রশিক্ষণের জন্য একটি মাল্টি-হেড মাইক্রোস্কোপ সরবরাহ এবং হাসপাতালের শয্যা সংখ্যা আরও ২০টি বাড়ানোর ঘোষণা দেন তিনি। মন্ত্রী উল্লেখ করেন, বগুড়া পুরো উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই ক্যানসার ও লিভারসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসা যাতে এখানে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের বড় হাসপাতালগুলোতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে এবং ইতোমধ্যে ১৫টি হাসপাতালে এই সেবা চালু হয়েছে। বগুড়াসহ যেসব হাসপাতালে এই ব্যবস্থা এখনো নেই, সেগুলোকে দ্রুত এই পরিকল্পনার আওতায় আনা হবে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজটির সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট চিকিৎসকরা।
মেডি নিউজ ডেস্ক: 




















