
শিশু হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার: আনসার সদস্যদের তৎপরতায় পরিবারের মুখে হাসি
রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট থেকে হারিয়ে যাওয়া চার বছরের শিশু রায়হান হোসেনকে দ্রুততার সাথে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা।
গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানার আতলিয়ার চর গ্রামের মো. সোহাগ হোসেনের চার বছর বয়সী সন্তান রায়হান পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। একপর্যায়ে ভিড়ের মধ্যে হঠাৎ পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শিশুটি।
সন্তানকে না পেয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়ে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে সেখানে দায়িত্বরত নিরাপত্তা দলকে জানায়।
খবর পাওয়ামাত্রই ডিএমএ পশ্চিম জোনের পিসি মো. ইসমাইল উদ্দিন, এপিসি মো. নাজমুল হাসান এবং আনসার সদস্য মো. ইমন মিয়া-র নেতৃত্বে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে দ্রুত ও নিবিড় অনুসন্ধান চালানো হয়।
নিরাপত্তা সদস্যদের প্রজ্ঞা ও দ্রুত পদক্ষেপের ফলে কিছুক্ষণের মধ্যেই শিশু রায়হানকে সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত অবস্থায় হাসপাতালের একটি ওয়ার্ড থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হয়ে শিশুটিকে তার বাবা মো. সোহাগ হোসেনের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
স্বল্প সময়ের মধ্যে একমাত্র সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে অঝোরে কেঁদে ফেলেন স্বজনরা। হাসপাতালের আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও আন্তরিক মানবিক ভূমিকার জন্য হৃদয়নিংড়ানো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রায়হানের পরিবার।
মেডি নিউজ ডেস্ক: 









