
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর বর্বর হামলা; তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ড্যাব।
শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর এক ন্যক্কারজনক ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল ১৫ মে রাতে, হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে। হামলায় ডা. নাসির গুরুতরভাবে আহত হয়েছেন।এই ঘটনার পর দেশজুড়ে চিকিৎসকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চিকিৎসকদের শীর্ষ সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দপ্তর সম্পাদক ডা: এরফান আহমেদ সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ড্যাব-এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন, চিকিৎসকেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব পালন করছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকের ওপর এমন সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং চিকিৎসকদের ওপর হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং একটি দণ্ডনীয় অপরাধ। এই ধরনের ঘটনা দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার পরিবেশকে মারাত্মক হুমকির মুখে ফেলছে এবং চিকিৎসকদের মনে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে।
ড্যাব নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।
আজ আহত ডাঃ নাসিরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে সেখানে ড্যাব নেতৃবৃন্দ ছুটে যান।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম,ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক,স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ জাহিদ রায়হান,ড্যাবের অন্যতম সহ সভাপতি ডাঃ তৌহিদুল ইসলাম জন,ডাঃ শাহীন রেজা,ড্যাবের যুগ্ম মহাসচিব ডাঃ আশফাক নবী কনক,সাংগঠনিক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল,সহ দফতর সম্পাদক ডাঃ কায়সার ইয়ামিন ঈশাদ,ডাঃমাহমুদুর রহমান নোমান,ছাত্রদল ঢাকা মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক ডাঃ সাইফুল আলম বাদশা,ডাঃ মঞ্জুর সহ ড্যাব নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মেডি নিউজ ডেস্ক: 



















